ঈদগাঁওয়ে অভিযান, উচ্ছেদ হলো ৩০০ ভাসমান দোকান

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে অভিযান চালিয়ে প্রায় ৩০০টি অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঈদগাঁও বাসস্টেশনের মহাসড়ক ও ডিসি সড়কের আশপাশে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা অংশ নেন।

স্থানীয়রা জানান, ঈদগাঁও বাসস্টেশনের মহাসড়ক ও ডিসি সড়কের ফুটপাত দখল করে গড়ে ওঠা অসংখ্য অবৈধ দোকানের কারণে দীর্ঘদিন ধরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। মাত্র ১০ মিনিটের পথ পাড়ি দিতে অনেক সময় আধা ঘণ্টা পর্যন্ত লেগে যেত। যানজটের কারণে ভোগান্তিতে পড়তেন নিত্যযাত্রী, স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। এমনকি জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারত না।

দীর্ঘদিনের এ জনদুর্ভোগের পরিপ্রেক্ষিতে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় বাসস্টেশনের মহাসড়ক ও ডিসি সড়কের ফুটপাত দখল করে থাকা অবৈধ ভাসমান দোকানগুলো উচ্ছেদ করা হয়।

অভিযানের পর স্থানীয়রা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, মহাসড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকান সরিয়ে দেওয়ায় ঈদগাঁওয়ের যানজট অনেকটাই কমবে।

তবে স্থানীয়দের দাবি, শুধু ভাসমান দোকান উচ্ছেদ করলেই হবে না; বাসস্টেশন ও সংযোগ সড়কের পাশে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নিতে হবে। এসব যানবাহন সরিয়ে দেওয়া গেলে যানজট আরও কমার পাশাপাশি ঈদগাঁও বাসস্টেশনের পরিবেশ ও সৌন্দর্যও বৃদ্ধি পাবে বলে মনে করছেন তারা।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বলেন, কেউ পুনরায় ফুটপাত দখল করে স্থাপনা নির্মাণ বা ব্যবসা পরিচালনা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনদুর্ভোগ নিরসনে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top