৭ সেপ্টেম্বর থেকে মূল আমানতের টাকা ফেরত পাবেন গ্রাহকগণ
সম্মিলিত ইসলামী ব্যাংক

চাটগাঁ নিউজ ডেস্ক: দীর্ঘদিনের অনিশ্চয়তা, উদ্বেগ আর অপেক্ষার পর সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি হিসাবের গ্রাহকদের জন্য এলো স্বস্তির খবর। আগামী ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের মূল আমানতের টাকা ফেরত দেওয়া শুরু করছে ব্যাংকটি।

প্রাথমিকভাবে গ্রাহকেরা তাদের হিসাব থেকে জমানো সম্পূর্ণ মূল অর্থ বা প্রিন্সিপাল অ্যামাউন্ট এককালীন তুলতে কিংবা নগদায়ন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে কোনো মুনাফা পাবেন না।

এ জন্য আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে ব্যাংকটির শাখাগুলোতে আবেদন গ্রহণ শুরু হবে।

ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে জারি করা এক বিশেষ প্রজ্ঞাপনে সব বিভাগীয় প্রধান, জোনাল প্রধান ও শাখা ব্যবস্থাপকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণের আদেশ দেওয়া হয়েছে।

ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক ও অপারেশনসের প্রধান সমন্বয়ক এ এফ সাব্বির আহমদ স্বাক্ষরিত নির্দেশনায় বিষয়টি জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকেই ব্যক্তি হিসেবে স্বাভাবিক লেনদেন পুনরায় শুরু করার সিদ্ধান্ত রয়েছে।

তবে শাখা ও উপশাখাগুলোতে নগদ টাকার রিকুইজিশন পাঠানো, বাংলাদেশ ব্যাংক থেকে নগদ টাকার জোগান নিশ্চিত করা এবং ঝুঁকিমুক্ত ক্যাশ ব্যবস্থাপনাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে কয়েক দিন সময় প্রয়োজন।

এই বাস্তবতায় সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করে ৭ সেপ্টেম্বর থেকে পুরোদমে আমানতের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং বিভিন্ন মেয়াদি হিসাব-যেমন এমটিডিআর ও ডিপিএস-থেকে গ্রাহকেরা তাঁদের জমানো মূল টাকা তুলে নিতে পারবেন।

তবে যেসব গ্রাহক হিসাব বন্ধ না করে চালু রাখবেন, তারা চুক্তি অনুযায়ী পূর্বনির্ধারিত হারে যথারীতি মুনাফা পেতে থাকবেন। পরবর্তী সময়ে ব্যাংকের সার্বিক কার্যক্রম পূর্ণমাত্রায় চালু হলে মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ মিলবে।

শুধু আমানতের টাকা ফেরত দেওয়াই নয়, হারিয়ে যাওয়া গ্রাহক আস্থা ফিরিয়ে আনতেও বিশেষ উদ্যোগ নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। টাকা পরিশোধ প্রক্রিয়া শুরু হওয়ার প্রেক্ষাপটে ১ সেপ্টেম্বরকে বিশেষ দিবস হিসেবে পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

দিনটিকে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচনা করছে কর্তৃপক্ষ। এ উপলক্ষে শাখা ও উপশাখাগুলো সুন্দরভাবে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কর্মকর্তাদের নির্ধারিত ও মার্জিত পোশাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। গ্রাহকদের ফুল বা উপহার দিয়ে অভ্যর্থনা জানানো হবে। এ ছাড়া জ্যেষ্ঠ নাগরিক, নারী ও প্রতিবন্ধী গ্রাহকদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শাখাগুলোতে পরিচ্ছন্ন, ইতিবাচক ও গ্রাহকবান্ধব পরিবেশ বজায় রাখার পাশাপাশি সেবা কার্যক্রম এবং গ্রাহক সন্তুষ্টির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছে। একই সঙ্গে শাখার গ্রাহক সেবার ভিডিও চিত্র ধারণেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির কারণে দীর্ঘদিন আমানত ফেরত দিতে না পারায় অন্তর্বর্তী সরকারের সময়ে এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।

এই পাঁচ ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবে রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা।

অন্যদিকে পাঁচ ব্যাংকের মোট ১ লাখ ৯২ হাজার কোটি টাকা ঋণের ৮৬ শতাংশ এখন খেলাপি। ব্যাংকটির মূলধন ঘাটতিও রয়েছে দেড় লাখ কোটি টাকার বেশি।

সরকারি মালিকানার ব্যাংক হিসেবে গত বছরের নভেম্বরে যাত্রা শুরু করা সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এই পরিশোধিত মূলধনের মধ্যে ২০ হাজার কোটি টাকা দিয়েছে সরকার। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার দেওয়া হবে।

দীর্ঘ সংকটের পর মূল আমানতের টাকা ফেরত দেওয়ার এই উদ্যোগকে ব্যাংকটির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এখন গ্রাহকদের প্রত্যাশা-শুধু মূল টাকা ফেরত নয়, ধীরে ধীরে পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রমে ফিরে আসুক সম্মিলিত ইসলামী ব্যাংক এবং পুনর্গঠিত হোক লাখো গ্রাহকের হারিয়ে যাওয়া আস্থা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top