চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) গেটের সামনে এক সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়টির এক নারী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ২ শিক্ষার্থী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় মেইন গেটের সামনে কুমিরাস্থ ডালাস পেট্রোল পাম্পের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহত শিক্ষার্থীর নাম মাইশা মুশফিরাত। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য (ইএলএল) বিভাগের ২য় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
তাকে গুরুতর আহতবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মাইশাকে মৃত ঘোষণা করেন।
আইআইইউসির শিক্ষক প্রফেসর মোস্তফা মনির চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ক্যাম্পাসের সামনে ৮ নম্বর একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের ধাক্কা দেয়। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা ও সহপাঠীরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছুক্ষণ পর গুরুতর আহত অবস্থায় মাইশা মুশফিরাত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান ইভা জানান, দুর্ঘটনায় কবলিত এই তিন নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি প্রোগ্রামের স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) হিসেবে দায়িত্ব পালন করতে সকালে ক্যাম্পাসে আসছিলেন। আসার পথেই ৮ নম্বর লোকাল বাসের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন একজনের শিক্ষার্থীর অবস্থাও বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/জেএইচ






