চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাস উল্টে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক নারী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও সংলগ্ন রেলপথ অবরোধ করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের কুমিরাস্থ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ডালাস পেট্রোল পাম্পের বিপরীত পাশে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সূত্রে জানা যায়, সকালে ৮ নম্বর লোকাল বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি কাভার্ডভ্যান এসে দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গিয়ে রাস্তা পার হতে যাওয়া শিক্ষার্থীদের ওপর পড়ে।
বাসের চাপায় আইআইইউসির ইংরেজি ভাষা ও সাহিত্য (ইএলএল) বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী মাইশা মুশরেফাত (২১) নামের শিক্ষার্থীর মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ২ জন।
নিহত মাইশা উপজেলার মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের বটকাটিয়া গ্রামের সাখাওয়াত হোসেন ও সালমা আক্তার দম্পতির কন্যা।
এদিকে সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আইআইইউসি প্রাঙ্গণে চরম ক্ষোভের সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস স্থগিত করা হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলালাইন অবরোধ করে আন্দোলন শুরু করেন।
মহাসড়ক অবরোধে থাকা শিক্ষার্থীদের একজন বলেন, দুর্ঘটনার আশঙ্কায় তারা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় এলাকায় পদচারী-সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদ ও পদচারী-সেতুর দাবিতে তারা মহাসড়ক অবরোধ করেছেন।
বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শফিউল ইসলাম বলেন, সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটক এলাকায় মিনিবাস থেকে ওই ছাত্রী নামেন। এর একটু পর তার ওপর মিনিবাসটি উল্টে পড়ে। একই সময়ে মিনিবাসটিতে চাপা পড়ে আরও তিনজন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, স্থানীয় লোকজন লরি দুটিকে জব্দ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জব্দ লরি দুটি ও মিনিবাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে।
পরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী বলেন, সকালে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বাস থেকে নামার সময় দুর্ঘটনায় নিহত হয়েছেন। আরেক শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। তিনি বিষয়টি দেখভাল করছেন।
চাটগাঁ নিউজ/জেএইচ






