সদরঘাটে জুয়া খেলার অভিযোগে ৬ জন গ্রেপ্তার, জুয়ার সরঞ্জাম উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের সদরঘাটে মেসঘরে বসে টাকার বিনিময়ে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার এক বান্ডেল তাস ও নগদ ৩ হাজার ৭৭৫ টাকা জব্দ করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) রাতে সদরঘাট থানাধীন ডিএসপি ঘাট এলাকার একটি মেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ এলাকার হেলাল উদ্দিন (৪৪), পাবনার ভাঙ্গুড়া উপজেলার মেন্দা স্বর্ণকারপাড়া এলাকার মিজানুর রহমান (৫০), ভোলার শশীভূষণ উপজেলার করিমপুর এলাকার কামাল হোসেন (৩৭), লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরলক্ষ্মী এলাকার দিলদার (৩৬), ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ এলাকার নজরুল (৪২) এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার খিরুদিয়া এলাকার বুলবুল (৩৫)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ছয়জনই বর্তমানে সদরঘাটের ডিএসপি ঘাট এলাকায় বসবাস করেন।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ জানান, ডিএসপি ঘাট এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মেসঘরে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় ছয়জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার উপকরণ হিসেবে এক বান্ডেল তাস উদ্ধার করা হয়।

তিনি বলেন, জব্দ তালিকা অনুযায়ী উদ্ধার করা টাকা ও তাস আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশের ৯৪ ধারায় সদরঘাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন মামলা করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top