চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা ওয়াহিদ নামে এক বন্ধুও আহত হয়েছেন।
রবিবার (৩০ আগস্ট) রাতে উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড় গ্রামের ফরিদ সওদাগরের দোকানের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত জাহেদ ওই ইউনিয়নের পাঁচঘরিয়াপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের করা ৩৩০ জন দুষ্কৃতকারীর তালিকায়ও তার নাম ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে মোটরসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন জাহেদ। এ সময় তার সঙ্গে ছিলেন বন্ধু ওয়াহিদ। তারা ফরিদ সওদাগরের দোকানের সামনে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া ছয় থেকে সাতজন দুর্বৃত্ত সড়কে গাছের গুঁড়ি ফেলে মোটরসাইকেলটির গতিরোধ করে।
মোটরসাইকেল থামার পর দুর্বৃত্তরা জাহেদকে রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। হামলায় ওয়াহিদও আহত হন।
পরে স্থানীয়রা জাহেদকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ওয়াহিদ বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, জাহেদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। চলতি বছরের শুরুতে পুরানগর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পান তিনি।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হামলায় জড়িত কয়েকজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





