চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৮৭ জনে।
আজ রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ২৩ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭ জন, ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৮ জন, চট্টগ্রাম মেরিন হাসপাতাল (সিএমএইচ) ২ জন। তবে গেল ২৪ ঘণ্টায় বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি।
এছাড়া চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ১৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্যে সরকারি হাসপাতালে ১২৭ জন এবং বেসরকারি হাসপাতালে ২৩ জন ভর্তি আছেন। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৩৭ জন রোগী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত সরকারি হাসপাতালে ১ হাজার ৬৬৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৩২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
চাটগাঁ নিউজ/জেএইচ





