২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও অর্ধ-শতাধিক ডেঙ্গু রোগী হাসপাতালে

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৩২ জনে।

আজ শনিবার (২৯ আগস্ট) রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০ জন, বিআইটিআইডিতে ১৩ জন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১০ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে একজন রয়েছেন।

বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ১৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১১৮ জন এবং বেসরকারি হাসপাতালে ১৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত আক্রান্ত ১ হাজার ৯৩২ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৬২৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৩০৯ জন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top