চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার বৈলতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামতল এলাকা থেকে আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে জামতল এলাকার একটি দোকানের সামনে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, নিহতের শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থানে তাকে হত্যা করে গভীর রাতে মরদেহটি চন্দনাইশের ওই নির্জন এলাকায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
ঘটনাস্থল পরিদর্শন শেষে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম সিকদার জানান, নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিআইডি বা পিবিআইয়ের সহযোগিতায় বায়োমেট্রিক প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি নিহতের শরীর ও ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত ও তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে।
পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন





