চট্টগ্রামে মঞ্চস্থ হলো রবীন্দ্রনাথের ‘চিত্রাঙ্গদা’

ঝুলন দত্ত: চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন ‘অভ্যুদয় সংগীত অঙ্গনে’র পরিবেশনায় মঞ্চস্থ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। রবীন্দ্রনাথের সৃষ্টিশীল ভাবনা, নৃত্য, সঙ্গীত ও অভিনয়ের সমন্বয়ে নির্মিত এই নৃত্যনাট্যে ফুটে উঠেছে আত্মপরিচয়, আত্মমর্যাদা, ভালোবাসা এবং নারীর নিজস্ব সত্তার অনন্য প্রকাশ।

আজ শুক্রবার (২৮ আগস্ট) চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘চিত্রাঙ্গদা’র দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অভ্যুদয় সংগীত অঙ্গনের ৯ম প্রযোজনা হিসেবে প্রথম প্রদর্শনী বিকেল ৫টায় এবং দ্বিতীয় প্রদর্শনী সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চস্থ হয়।

প্রযোজনাটির নির্দেশনা ও সঙ্গীত পরিচালনায় ছিলেন শ্রেয়সী রায় এবং নৃত্য পরিচালনায় প্রিয়াংকা বড়ুয়া। এসময় হল ভর্তি দর্শক শ্রোতা মন্ত্র মুগ্ধ হয়ে উপভোগ করেন এই প্রযোজনা।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ মহাভারতের কাহিনির অনুপ্রেরণায় রচিত একটি নৃত্যনাট্য। মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদার আত্মঅন্বেষণ, অর্জুনের প্রতি ভালোবাসা এবং নিজের পরিচয়কে নতুন করে উপলব্ধির মধ্য দিয়ে এখানে নারীর সৌন্দর্যকে কেবল বাহ্যিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তার সাহস, ব্যক্তিত্ব ও স্বাতন্ত্র্যকে তুলে ধরা হয়েছে। তাই সময় পেরিয়েও ‘চিত্রাঙ্গদা’ সমকালীন দর্শকের কাছে প্রাসঙ্গিক একটি শিল্পকর্ম।

প্রযোজনাটিতে চিত্রাঙ্গদা চরিত্রে সঙ্গীতে কুরূপা আদৃতা রুদ্র এবং সুরূপা প্রাচী সেন ও উর্বশী রুদ্র অভিনয় ও পরিবেশনায় অংশ নেন এবং দর্শকের ভূয়সী প্রশংসা অর্জন করেন। অর্জুন চরিত্রে এলড্রিন ক্রাউলী এবং মদন চরিত্রে যীশু কুমার নাথের অভিনয় ছিল মনে রাখার মতো । সখী ও গ্রামবাসীর বিভিন্ন চরিত্রে শর্মিলা, ডালিয়া, পান্না, মুন্নী, বনি, প্রিয়ন্তী, ঐশী ও অমিতা দারুণ সহযোগিতা করেছেন ।

প্রযোজনাটির যন্ত্রানুষঙ্গে ছিলেন কিবোর্ডে রিপন শীল, তবলায় সানি দে, বেহালায় শ্যামল দাশ ও রিকি বসাক, অক্টোপ্যাডে নন্দন নন্দী, বাঁশিতে ক্যউপ মারমা এবং মন্দিরায় মো. ফারুক।

নৃত্য পরিবেশনায় চিত্রাঙ্গদা চরিত্রে কুরূপা সূচনা বসাক, সুরূপা প্রিয়াংকা বড়ুয়া, অর্জুন চরিত্রে অন্তর দে এবং মদন চরিত্রে অত্রি ভট্টাচার্য্য অংশ নিয়ে দর্শকের অকুণ্ঠ প্রশংসা অর্জন করেন। এতে সখী ও গ্রামবাসীর বিভিন্ন চরিত্রে আরও ছিলেন ঐশী, জয়া, পুনম, সেঁজুতি, প্রাপ্তি, শান্তশ্রীসহ অন্যরা। নৃত্য পরিবেশনায় সহযোগিতা করেন নৃত্যরূপ একাডেমি।

চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের মঞ্চভাবনায় ছিলেন সুকান্ত চৌধুরী এবং প্রযোজনা উপদেষ্টা প্রদ্যোৎ মজুমদার। আলোক বিন্যাসে অনির্বাণ ভট্টাচার্য্য ও বিশ্বজিৎ দাশগুপ্ত এপি, পোস্টার ও প্রকাশনায় অনিকেত ভট্টাচার্য্য, মুখোশ নির্মাণে বিশ্বজিৎ দাশগুপ্ত এপি এবং মঞ্চ নির্মাণে আব্দুল মালেক ও নবী মিয়া ।

এদিকে প্রযোজনাটির নির্দেশক ও সঙ্গীত পরিচালক শ্রেয়সী রায় এবং নৃত্য পরিচালক প্রিয়াংকা বড়ুয়া বলেন, সেই সময় হতে রবীন্দ্রনাথ ঠাকুর নারী শক্তির যেই জাগরণ নিয়ে এসেছেন অদ্যাবদি সেই শক্তি চলমান রয়েছে। রবীন্দ্রনাথের সৃষ্টিশীল ভাবনা, নৃত্য, সঙ্গীত ও অভিনয়ের সমন্বয়ে নির্মিত এই নৃত্যনাট্যে ফুটে উঠেছে আত্মপরিচয়, আত্মমর্যাদা, ভালোবাসা এবং নারীর নিজস্ব সত্তার অনন্য প্রকাশ।

এসময় চিত্রাঙ্গদা দেখতে আসা দর্শকরা তাদের অভিব্যক্তি ব্যক্ত করে বলেন, সত্যি এটি একটা চমৎকার পরিবেশনা, বিশেষ করে লাইভ গান এবং যন্ত্র সঙ্গীতের সাথে নৃত্যনাট্য পরিবেশনা এক কথায় অসাধারণ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top