ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে চার দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন চা শ্রমিকরা।
আজ শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার বারমাসিয়া চা বাগান এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চা শ্রমিকরা তাদের ন্যায্য দাবি হিসেবে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ বার্ষিক মজুরি বৃদ্ধি প্রত্যাহার, ভূমির অধিকার নিশ্চিত করা এবং চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, চা শ্রমিকরা দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি ও অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে চা শ্রমিকদের জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাই শ্রমিকদের জীবনমান বিবেচনায় নিয়ে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করা জরুরি।
বক্তারা আরও অভিযোগ করেন, চা মালিক সমিতি সরকারের কাছে শ্রমিকদের মজুরি নিয়ে যে হিসাব উপস্থাপন করেছে, তার সঙ্গে বাস্তবতার মিল নেই। শ্রমিকরা যেখানে দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি জানাচ্ছেন, সেখানে মালিক সমিতির পক্ষ থেকে সরকারের কাছে শ্রমিকদের ৫৭২ টাকা মজুরি দেওয়া হচ্ছে বলে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা বাবু তপন দত্ত। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান। উদ্বোধন করেন চট্টগ্রাম ভ্যালির সাবেক সভাপতি প্রদীপ দাস।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন পঞ্চায়েত কমিটির সভাপতি অপু কর্মীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাদল মুন্ডা, পরেশ মুন্ডা, তপন কুর্মী, সিন্ধুবালা কুর্মী, অসীম তুরি, মোহাম্মদ মোরশেদ, রাজিব, রফিক উদ্দিন, ললিতা কুর্মী, সৈকত কুর্মী, যমুনা কুর্মী, দীপু কুর্মীসহ চা শ্রমিক নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে চার দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
চাটগাঁ নিউজ/জেএইচ





