রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ের সীতাপাহাড় এলাকায় পথ হারিয়ে ফেলা চার পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় তাদের সুস্থ ও নিরাপদ অবস্থায় ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করা হয়।
কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, সকালে চট্টগ্রাম থেকে আসা চার পর্যটক কাপ্তাইয়ের বালুচর এলাকা দিয়ে কর্ণফুলী নদী পার হয়ে সীতাপাহাড়ে ওঠেন। পরে বৃষ্টির কারণে পাহাড়ি পথ পিচ্ছিল হয়ে যায়। এর মধ্যে সন্ধ্যা নেমে আসায় তারা পথ হারিয়ে ফেলেন। এক পর্যায়ে বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চার পর্যটককে নিরাপদে উদ্ধার করতে সমর্থ হয়।
স্থানীয়রা জানান, কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসেন। তবে অনেক পর্যটক স্থানীয় গাইড ছাড়া কর্ণফুলী নদী, কাপ্তাই লেক ও দুর্গম পাহাড়ি এলাকায় চলাচল করেন। এতে পথ হারানো, পাহাড়ি দুর্ঘটনা, পানিতে দুর্ঘটনা এবং বন্যপ্রাণীর মুখোমুখি হওয়ার মতো ঝুঁকি তৈরি হচ্ছে।
বিশেষ করে কাপ্তাইয়ের বালুচর, সীতাপাহাড়, ব্যাঙছড়িসহ বিভিন্ন এলাকায় হাতির চলাচল ও অবস্থান রয়েছে। এসব এলাকায় বন বিভাগের পক্ষ থেকে সতর্কতামূলক সাইনবোর্ড ও বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকেও পর্যটকদের ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ না করার জন্য সতর্ক করা হলেও অনেকেই তা উপেক্ষা করে বলে অভিযোগ স্থানীয়দের।
কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন পর্যটকদের উদ্দেশ্যে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি। বৃষ্টির সময় পিচ্ছিল পাহাড়ি পথে চলাচল এবং বিকেল ৫টার পর ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা বা নির্জন বনাঞ্চলে প্রবেশ এড়িয়ে চলা উচিত। অপরিচিত পাহাড়ি এলাকায় স্থানীয় গাইড ছাড়া না যাওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।
চাটগাঁ নিউজ/ঝুলন/জেএইচ






