চাটগাঁ নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে ৮৬১ জনের মৃত্যু হল। আর ৯৯ জনের মৃত্যু হয়েছে, যাদের শরীরে হাম শনাক্ত হয়েছিল। এদিকে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ১৬ জন রোগী ভর্তি রয়েছে।
হামের তথ্য দিতে শুরু করার পর প্রথম ৩০ দিন পর ভর্তি রোগীর সংখ্যা ছিল আড়াই হাজারের কিছু বেশি। সেই তুলনায় বর্তমানে দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় দেশে ৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৮৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৪৮ জন।
এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫১, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, গেল ২৪ ঘণ্টায় এক হাজার ১০০ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ১ হাজার ৩৬ জন।
২৪ ঘণ্টায় ভর্তি রোগীর সংখ্যা ঢাকা বিভাগে ২৪৯, রাজশাহীতে ২৯, সিলেটে ১২৮, চট্টগ্রামে ২৭১, বরিশালে ১২৬, ময়মনসিংহে ৬১, খুলনায় ৫৫ ও রংপুর বিভাগে ১৭ জন।
এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল এক লাখ ৩৫ হাজার ৪৭৩ জন। এর মধ্যে ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৪ হাজার ৭৯২। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৭৯৬।
চাটগাঁ নিউজ/জেএইচ





