চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নাবিককে নামানোর সময় মইয়ের দড়ি ছিঁড়ে দুর্ঘটনার পর ‘বক্স এনডেভার’ নামের কনটেইনার জাহাজটিকে ৩৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধের পর বৃহস্পতিবার জাহাজটি চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়।
দুর্ঘটনার পর জাহাজটি চট্টগ্রাম বন্দরের চার্লি অ্যাংকরেজে আটকে রাখা হয়েছিল। জাহাজটির নাবিক ওঠানামার ব্যবস্থাপনায় আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে তদন্তে উঠে আসে। পরে নতুন করে ছাড়পত্র নেওয়ার শর্তে জাহাজটিকে বন্দর ছাড়ার অনুমতি দেওয়া হয়।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজটি থেকে নামার সময় গত শুক্রবার বিকেলে মইয়ের দুই পাশে থাকা দড়ি ছিঁড়ে পড়ে আহত হন বন্দর নাবিক ক্যাপ্টেন এ জেড এম রবিউজ্জামান। তিনি নিচে থাকা একটি বোটের ওপর পড়ে যান। এতে তার ডান হাত ও পিঠে আঘাত লাগে। পরে তাকে চট্টগ্রাম বন্দর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনার পর চট্টগ্রাম বন্দর ও নৌ বাণিজ্য দপ্তরের তদন্ত কমিটি জাহাজটি সরেজমিনে পরিদর্শন করে। পরিদর্শনে জাহাজটিতে ১৫টি গুরুতর ত্রুটি পাওয়া যায়। এর মধ্যে নাবিক ওঠানামার ব্যবস্থাপনায় আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ না করার বিষয়টি বিশেষভাবে উঠে আসে।
তদন্তের পর দুর্ঘটনার সময় দেওয়া জাহাজটির ছাড়পত্র বাতিল করা হয়। একই সঙ্গে ত্রুটিগুলো সংশোধন এবং নতুন করে ছাড়পত্র নেওয়ার শর্ত দেওয়া হয়।
বন্দর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, জাহাজটির মালিককে ৩০ লাখ টাকা জরিমানা দিতে হয়েছে। এর সঙ্গে আরও সাড়ে ৪ লাখ টাকা ভ্যাট ও কর পরিশোধ করা হয়। সব মিলিয়ে ৩৪ লাখ ৫০ হাজার টাকা পরিশোধের পর জাহাজটি বন্দর ছাড়ে।
ক্যাপ্টেন এ জেড এম রবিউজ্জামান মই থেকে পড়ে যাওয়ার পর নিচে থাকা বোটের ওপর পড়ায় প্রাণে বেঁচে যান। তিনি সাগরে পড়ে গেলে দুর্ঘটনাটি আরও ভয়াবহ হতে পারত বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পাইলট নামানোর সময় দুর্ঘটনার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও একই ধরনের ঘটনায় একটি বিদেশি জাহাজে পাইলট আহত হয়েছিলেন। ওই ঘটনায়ও সংশ্লিষ্ট জাহাজকে জরিমানা ও আটকে রাখার পর ছাড়ার অনুমতি দেওয়া হয়েছিল।
চাটগাঁ নিউজ/এসএ





