বোয়ালখালীতে ইয়াবা বিক্রির সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার মুফতিপাড়া এলাকায় ইয়াবা বিক্রির সময় মোশারফ হোসেন (২৩) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে তিনি মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে পৌরসভার মুফতিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেন ভোলা জেলার লালমোহন উপজেলার পশ্চিম কচুয়াখালী ৮ নম্বর ওয়ার্ডের সোনা হাওলাদার বাড়ির মৃত নুর আলমের ছেলে। তিনি বোয়ালখালী পৌরসভার অলি বেকারি এলাকায় একটি করাতকলে (স-মিল) শ্রমিক হিসেবে কাজ করেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক বলেন, মাদক বিক্রি, সেবন ও মাদক-সংশ্লিষ্ট অপরাধের তথ্য উপজেলা প্রশাসন ও বোয়ালখালী থানা পুলিশকে জানাতে হবে। সম্ভব হলে নির্ভরযোগ্য তথ্য ও প্রমাণ দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে শুধু প্রশাসনিক অভিযান নয়, প্রয়োজন সামাজিক প্রতিরোধ। আমাদের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতাই পারে মাদকের বিস্তার রোধ করতে। আসুন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি।

অভিযানে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাফফর হোসেনসহ থানা পুলিশের সদস্য ও স্থানীয় এলাকাবাসী সহযোগিতা করেন।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top