রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ লাইফলাইন চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের রাঙ্গুনিয়া অংশের প্রশস্তকরণ কাজ এখন শেষের পথে। দ্রুতগতিতে কাজ এগিয়ে নেওয়ায় নির্ধারিত সময়ের অনেক আগেই প্রথম পর্যায়ের কাজ শেষ করতে যাচ্ছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পের আওতায় জিয়ানগর থেকে পৌরসভা গোডাউন পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ সড়কটি প্রশস্ত করা হচ্ছে। বর্তমানে ২০ ফুট প্রশস্ত সড়কটি বাড়িয়ে ৩০ ফুটে উন্নীত করা হচ্ছে।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লোকবল বাড়িয়ে সড়কের দুই পাশে পাঁচ ফুট করে মোট ১০ ফুট প্রশস্ত করার কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী ১০ দিনের মধ্যেই এই অংশের কাজ পুরোপুরি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
কার্যাদেশ অনুযায়ী প্রকল্পটি ২০২৭ সালের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে। তবে কাজের গতি আশাব্যঞ্জক হওয়ায় চলতি বছরের অক্টোবরের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে প্রথম পর্যায়ের কাজ শেষের পথে থাকায় এবার দ্বিতীয় পর্যায়ে গোডাউন থেকে মরিয়মনগর চৌমুহনী পর্যন্ত সড়ক প্রশস্তকরণের কাজও শিগগিরই শুরু হতে যাচ্ছে।
সওজের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস জানান, চলমান কাজের সন্তোষজনক অগ্রগতির পর গোডাউন থেকে চৌমুহনী পর্যন্ত বর্ধিত অংশের কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের হাজারো মানুষের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি অনেকটাই কমে আসবে। পাশাপাশি স্থানীয় মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ করতে সড়কটি চার লেনে উন্নীত করার একটি বড় মহাপরিকল্পনা নিয়েও সরকার কাজ করছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





