চাটগাঁ নিউজ ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক জশনে জুলুসে অংশ নিতে আসা মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে দিনব্যাপী শরবত, পানি ও তাবারুক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) চট্টগ্রাম-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় জোবাইরুল হাসান আরিফ বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও বিশ্বমানবতার দূত হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে বার আউলিয়ার শহর চট্টগ্রামে আশেকে রাসূলদের ব্যাপক সমাগম হয়েছে। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকে আগত আশেকে রাসূলদের স্বাগত জানান তিনি।
তিনি আরও বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জশনে জুলুসের ব্যাপকতা ও মানুষের অংশগ্রহণ বিবেচনায় এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত করা উচিত।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান ও আল ইমন হোসাইন আহমেদ, যুগ্ম সদস্যসচিব মুহাম্মদ সিরাজ উদ দৌল্লাহ ও মো. ওমর সাঈদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাদমানুর রহমান চৌধুরী ও তাসদীদ ইবনে রাসূল।
এ ছাড়া ছাত্রশক্তির সংগঠক নুর মোহাম্মদ ওয়াসীক, আহমেদ সাফোয়ানসহ চান্দগাঁও ও পাঁচলাইশ থানা এনসিপির বিভিন্ন পর্যায়ের সংগঠকেরা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





