উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় মো. জাবেদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. তানভীর (২০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া নৌকার ঘাটসংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জাবেদ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউছিয়া ইউনিয়নের কেরানিহাট এলাকার শামসু ইসলামের ছেলে। আহত তানভীরও একই এলাকার বাসিন্দা।
থানা পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ঘুরে জাবেদ, তানভীরসহ তিন বন্ধু মোটরসাইকেলযোগে টেকনাফের দিকে যাচ্ছিলেন। পথে মাদারবুনিয়া এলাকায় পৌঁছালে ঢাকা মেট্রো-গ-১৩-৬৪৫০ নম্বরের একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলে থাকা জাবেদ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপর আরোহী তানভীর গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
সংবাদ পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করে। একই সঙ্গে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন





