চাটগাঁ নিউজ ডেস্ক : ইতোপূর্বে বিলুপ্ত করা চট্টগ্রাম মহানগর যুবদল এবং এর অধীন সব থানা ও ওয়ার্ড কমিটি পুনর্বহাল করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
মঙ্গলবার (২৫ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্ত অনুযায়ী এসব কমিটি পুনর্বহাল করা হয়েছে। ইতোমধ্যে সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে বিভিন্ন কারণে ২০২৪ সালে চট্টগ্রাম মহানগর যুবদল এবং এর অধীন থানা ও ওয়ার্ড পর্যায়ের কমিটি বিলুপ্ত করা হয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে এসব কমিটি পুনরায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পেল।
সূত্র জানায়, ২০১৮ সালের ১ জুন মোশাররফ হোসেনকে সভাপতি ও মোহাম্মদ শাহেদকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর যুবদলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। একই বছরের ৪ অক্টোবর কমিটির আকার বাড়িয়ে ২৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়।
মোহাম্মদ শাহেদ দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কমিটি পুনর্বহাল করায় প্রমাণিত হয়েছে মহানগর, থানা ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা দলের জন্য নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত। অতীতের মতো ভবিষ্যতেও দলের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তাঁরা অগ্রণী ভূমিকা রাখবেন আশাকরি।
চাটগাঁ নিউজ/এসএ





