জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: যুবকের ৪ বছরের কারাদণ্ড

চাটগাঁ নিউজ ডেস্ক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজারের টেকনাফের শাহ আলম (৪৪) নামে এক ব্যক্তিকে পৃথক দুই ধারায় মোট চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ৪১ লাখ ২৮ হাজার ৮২৯ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।

দুদকের পিপি রেজাউল করিম রনি জানান, মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত শাহ আলমকে পৃথক দুই ধারায় মোট চার বছরের সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি তাকে ৪১ লাখ ২৮ হাজার ৮২৯ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

সাজাপ্রাপ্ত শাহ আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার পুরান পল্লান পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার নথি অনুযায়ী, শাহ আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে তার নামে প্রায় ৫০ লাখ ৫ হাজার ২৯ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়।

এসব সম্পদের বৈধ উৎস সম্পর্কে সন্তোষজনক তথ্য না পাওয়ায় শাহ আলমকে তার সম্পদের বিবরণী দাখিলের জন্য নির্দেশ দেয় দুদক। তবে নির্ধারিত সময় পার হলেও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। পরে এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়।

মামলাটির তদন্ত শেষে ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। এরপর একই বছরের ১৭ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার মামলাটির রায় ঘোষণা করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top