ঈদে মিলাদুন্নবী: জশনে জুলুস ঘিরে সিএমপির বিশেষ নির্দেশনা

চাটগাঁ নিউজ ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রাম নগরীতে আয়োজিত জশনে জুলুস ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এর অংশ হিসেবে মূল জুলুসের রুট নির্ধারণের পাশাপাশি জুলুস চলাকালে নগরের গুরুত্বপূর্ণ একটি ফ্লাইওভার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে জশনে জুলুস, মাহফিলসহ নানা ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন এবং জনশৃঙ্খলা বজায় রাখতে সিএমপি অধ্যাদেশ ১৯৭৮-এর ২৮ ও ২৯ ধারায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নির্দেশনায় অস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি মানুষ বা মূর্তি, কুশপুত্তলিকা প্রদর্শনসহ আইনবিরোধী কার্যক্রমের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

যে পথে যাবে মূল জুলুস

সিএমপির নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, সকাল ৮টায় নগরের ষোলশহরের আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে মূল জুলুস শুরু হবে।

জুলুসটি বিবিরহাট হয়ে মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ও টাইগারপাস অতিক্রম করবে। এরপর একই পথে ফিরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুছ ময়দানে গিয়ে সমবেত হবে।

বন্ধ থাকবে লালখান বাজার-মুরাদপুর ফ্লাইওভার

জুলুস চলাকালে নগরের লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভার বন্ধ থাকবে বলে জানিয়েছে সিএমপি। ফলে ওই সময়ে বিকল্প সড়ক ব্যবহার করতে হবে নগরবাসীকে।

সিএমপি জানিয়েছে, জুলুস শুরু হওয়ার সময় থেকে মাহফিল শেষ না হওয়া পর্যন্ত গণবিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনাগুলো কার্যকর থাকবে। কেউ এসব নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top