চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে বাসের ধাক্কায় দুই গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বালুছড়া এলাকার ভিজুয়াল গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বায়েজিদ থানাধীন বালুছড়া জালালাবাদ এলাকার সতীশ দাশের ছেলে অরুণ দাশ (৫৯) ও আজিজুল হক জিপসি (২২)। অরুণ ভিজুয়াল গার্মেন্টসে কাজ করতেন। আর আজিজুল ওই গার্মেন্টসের গাড়ির শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রবিবার সকালে হেঁটে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন অরুণ ও আজিজুল। তারা ভিজুয়াল গার্মেন্টসের সামনে পৌঁছালে হাটহাজারীমুখী ৩ নম্বর রুটের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক অরুণ দাশকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আজিজুলকে পরে চমেক হাসপাতাল থেকে নগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা বাস ও চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





