হাটহাজারীতে দ্রুতগতির বাসের ধাক্কা, অটোরিকশা যাত্রীর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে দ্রুতগতির বাসের ধাক্কায় মো. তামিম নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের মনিয়াপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. তামিম (২৫) ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া এলাকার মুন্সি মিয়ার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, তামিম নিজ বাড়ি ফটিকছড়ির রাঙ্গামাটিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে হাটহাজারীর ধলই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। পথে মনিয়াপুকুর পাড় এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বাস সিএনজি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে অটোরিকশার যাত্রী তামিম গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান বলেন, রাত সাড়ে ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পর স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top