চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনার পর দ্রুতগতির বাসটি পালিয়ে যাওয়ায় চালক ও গাড়িটিকে শনাক্তে কাজ করছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) ভোরে উপজেলার বড় দারোগারহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক মিরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ফজরের নামাজ আদায় শেষে ভোরে হেঁটে বাড়ির দিকে ফিরছিলেন আব্দুল খালেক। দারোগারহাট বাজারের উত্তর পাশে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পৌঁছালে গ্রিণ লাইন পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





