অবৈধ জাল উচ্ছেদে বহির্নোঙরে কোস্ট গার্ডের অভিযান

চাটগাঁ নিউজ ডেস্ক : দেশের প্রধান সমুদ্রবন্দরের দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচল ঠিক রাখতে নেভিগেশন চ্যানেলে বসানো জাল উচ্ছেদ অভিযানে নেমেছে কর্তৃপক্ষ।

বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কাণ্ডারী-১২’ ও ৪টি স্থানীয় বোটের সমন্বয়ে মূল শিপিং চ্যানেল ও বহির্নোঙর এলাকায় উচ্ছেদ ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ কোস্ট গার্ডের ১টি জাহাজ ও ১টি বোট সক্রিয়ভাবে অভিযানে সহযোগিতা করে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অভিযান চলাকালে বহির্নোঙর এলাকা থেকে ১৭টি সুতার জাল, ১৩টি টং জাল এবং বিপুল সংখ্যক বিভিন্ন ধরনের জাল স্থাপনে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ ও অপসারণ করা হয়।

এসব অবৈধ জাল নৌ-চলাচল ও জাহাজের নিরাপদ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল এবং নেভিগেশনাল নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছিল। অবৈধ জাল অপসারণের মাধ্যমে মূল শিপিং চ্যানেল ও নেভিগেশনাল রুটে জাহাজ চলাচলের জন্য প্রয়োজনীয় স্থান উন্মুক্ত রাখার ব্যবস্থা করা হয়।

অভিযান শেষে জব্দ করা অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় নেভিগেশনাল রুটে অবস্থানরত ফিশিং বোটগুলোকে চ্যানেল এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

একই সঙ্গে নৌ-চলাচল রুট ও নেভিগেশনাল চ্যানেলে পুনরায় অবৈধভাবে জাল স্থাপন না করার জন্য সংশ্লিষ্ট মাঝিমাল্লাদের কঠোরভাবে সতর্ক করা হয়। নিরাপদ নৌ-চলাচল ও জাহাজের নির্বিঘ্ন চলাচলের স্বার্থে নেভিগেশনাল চ্যানেলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।

এর আগে ১৫ আগস্ট বাংলাদেশ কোস্ট গার্ডের সহযোগিতায় দেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার ও আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র চট্টগ্রাম বন্দরের নেভিগেশনাল চ্যানেল নিরাপদ, সচল ও ঝুঁকিমুক্ত রাখতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘বিএলভি লুসাই’ ও ‘বিএলভি আলী’-এর সমন্বয়ে কর্ণফুলী নদীর মূল চ্যানেল ও বহির্নোঙর এলাকায় অবৈধ জাল উচ্ছেদ, নজরদারি ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

চট্টগ্রাম বন্দরের নেভিগেশনাল সেফটি বজায় রাখা, জাহাজ চলাচলে যেকোনো ধরনের প্রতিবন্ধকতা দূর করা এবং কর্ণফুলী চ্যানেল ও বহির্নোঙর এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বিত তদারকি ও অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top