চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের আগ্রাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত ও ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে কারখানাটিতে খাদ্যপণ্য উৎপাদনে প্রয়োজনীয় নিবন্ধন ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নানা অনিয়মের তথ্য পাওয়া যায়।
বুধবার (১৯ আগস্ট) নগরের সুলতান কলোনি এলাকায় ‘কোয়ালিটি ফুড প্রোডাক্টস লিমিটেড’ নামের মার্জারিন উৎপাদনকারী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।
অভিযানসংশ্লিষ্টরা জানান, কারখানাটিতে মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে মার্জারিন উৎপাদন করা হচ্ছিল। পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় নিবন্ধন না থাকা এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঘাটতি পাওয়া যায়।
এসব অনিয়মের পরিপ্রেক্ষিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ও ৩৯ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, মার্জারিন উৎপাদনের জন্য প্রয়োজনীয় নিবন্ধনসহ নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে কারখানাটিতে ঘাটতি পাওয়া গেছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অনিয়মকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীরা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
চাটগাঁ নিউজ/এমকেএন





