চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় চুরির অভিযোগে ধরা পড়া এক চোরকে জোর করে ছিনিয়ে নিতে বেপজার নিরাপত্তারক্ষীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) ভোরে ইপিজেড ও বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আসলাম শেখ (২৪), আব্দুল কাইয়ুম (৩২), মো. রাশেদ (৩৮) ও মো. রাসেল আলামিন (২৯)। পুলিশ বলছে, তারা সংঘবদ্ধ চোরচক্রের সঙ্গে জড়িত।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে সিইপিজেডের মেসার্স তারিক আজিম টেক্সটাইল লিমিটেডে একদল চোর প্রবেশ করেছে—এমন খবর পেয়ে বেপজার নিরাপত্তাকর্মীরা সেখানে অভিযান চালান। এ সময় আসলাম শেখকে আটক করা হলেও তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।
পরে আসলামকে পুলিশের কাছে হস্তান্তরের জন্য গাড়িতে করে সিইপিজেড পুলিশ ফাঁড়ির দিকে নেওয়া হচ্ছিল। পথে বেপজা সিকিউরিটি গেটের প্রায় ২০ মিটার উত্তর-পূর্বে বিডি অ্যাপারেলসের গেটের সামনে ৩০ থেকে ৪০ জনের একটি দল গাড়িটির গতিরোধ করে।
অভিযোগ রয়েছে, ওই দলটি প্রথমে গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং আটক আসলামকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। নিরাপত্তাকর্মীরা বাধা দিলে হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে নিরাপত্তাকর্মীদের মারধর করে গাড়ি ভাঙচুরের পর আসলামকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় তারা।
এ ঘটনায় বেপজার সহকারী পরিচালক (প্রশাসন ও অ্যাস্টেট) পাপ্পু দে বাদী হয়ে ইপিজেড থানায় মামলা করেন। মামলায় নয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, বুধবার রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ইপিজেড ও বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে আসলাম শেখসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বুধবার আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





