চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার পরও জাহাজ কাটার কাজ চালিয়ে যাওয়ায় ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির ইয়ার্ডে জাহাজ কাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন বলেন, পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার পরও জাহাজ কাটার কার্যক্রম চালিয়ে যাওয়ায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ গত ১২ আগস্ট শেষ হয়। তবে এরপরও ইয়ার্ডে ‘এমটি রাসি’ নামে একটি পুরোনো জাহাজ কাটার কাজ চলছিল।
এরই মধ্যে গত ১৪ আগস্ট ওই জাহাজে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ শ্রমিকের মৃত্যু হয়। মর্মান্তিক এ দুর্ঘটনার পর ইয়ার্ডটি পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরের একটি প্রতিনিধি দল। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের শুনানিতে ডাকা হয়।
শুনানি শেষে পরিবেশ ও প্রতিবেশের ওপর সম্ভাব্য ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে এনভায়রনমেন্টাল ড্যামেজ অ্যাসেসমেন্ট পদ্ধতিতে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। নির্ধারিত অর্থ আগামী সাত কর্মদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া পরিবেশগত ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত ‘এমটি রাসি’ জাহাজের কাটিং কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






