চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী আসকার দিঘির পাড়ের জায়গা দখল করে অনুমোদনহীনভাবে নির্মাণাধীন একটি ভবনের বিভিন্ন অংশ ভেঙে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
একাধিকবার নোটিশ দেওয়ার পরও নির্মাণকাজ বন্ধ না করায় বুধবার (১৯ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে ভবনটির অবৈধ অংশ অপসারণ করা হয়।
অভিযানে সিডিএর অথরাইজড অফিসার-২ তানজিব হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিডিএ সূত্র জানায়, আসকার দিঘির পাড়ে ভবনটির নির্মাণকাজ শুরুর পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। ভবন নির্মাণের কোনো অনুমোদন না থাকায় কাজ বন্ধ রাখতে মালিকপক্ষকে একাধিকবার নোটিশ দেওয়া হয়। তবে নোটিশের পরও নির্মাণকাজ অব্যাহত থাকায় বুধবার সেখানে অভিযান পরিচালনা করে সিডিএ।
সিডিএর অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন বলেন, ‘আসকার দিঘির পাড়ে অননুমোদিতভাবে ভবনটি নির্মাণ করা হচ্ছিল। একতলার ছাদ দেওয়ার সময় বিষয়টি আমাদের নজরে আসে। এরপর নির্মাণকাজ বন্ধের জন্য একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা কাজ চালিয়ে যায়। এ কারণে অভিযান পরিচালনা করা হয়েছে।’
তিনি বলেন, ‘পুরো ভবনটিই অননুমোদিত। ভবন নির্মাণের জন্য তারা কোনো ধরনের অনুমোদন নেয়নি। আসকার দিঘি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী এলাকা। মাস্টারপ্ল্যান অনুযায়ী এ এলাকা সংরক্ষণের আওতায় রয়েছে। এখানে নতুন করে কোনো প্ল্যান দেওয়ার সুযোগ নেই।’
তানজিব হোসেন আরও বলেন, সিডিএর সক্ষমতা অনুযায়ী ভবনটির অবৈধ অংশ ভেঙে দেওয়া হবে। পরবর্তী সময়ে জরিমানা, ভবন সিলগালা করা কিংবা অন্য কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবেন।
এর আগে নগরের লালদিঘির পাড়েও অনুমোদনের বাইরে নির্মাণ করা একটি বাণিজ্যিক ভবনের অংশে অভিযান চালায় সিডিএ। ভবনটির আটতলা পর্যন্ত অনুমোদন থাকলেও রাস্তার জায়গা ও নির্ধারিত সেটব্যাক না রেখে অতিরিক্ত অংশ নির্মাণ করা হয়েছিল। অভিযানে ওই অংশ ভেঙে দেওয়ার পাশাপাশি ভবন মালিককে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অতিরিক্ত অংশ নিজ উদ্যোগে অপসারণের জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়।
সিডিএ সূত্র জানায়, নগরে অনুমোদনহীন ও নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে গড়ে ওঠা ভবনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বর্তমানে সিডিএর অথরাইজেশন-২ শাখার আওতায় প্রায় ১৫০টি ভবন চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৪০ থেকে ৫০টি ভবনের বিরুদ্ধে ইতোমধ্যে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





