চট্টগ্রামে স্বর্ণের বার চোরাচালান: দুই আসামির ১৪ বছরের কারাদণ্ড

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে বিদেশ থেকে অবৈধভাবে আনা স্বর্ণের বার নিজেদের হেফাজতে রাখার মামলায় দুই আসামিকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রাম মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-৮-এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—চাঁদপুরের ফরিদগঞ্জের মো. আরিফ ও হাজীগঞ্জের মো. রুবেল। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে পাঠানো হয়।

আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন জানান, মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের এ সাজা দেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৭ মার্চ দুপুরে আকবরশাহ থানার সিডিএ ১ নম্বর রাস্তার মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় আরিফ ও রুবেলকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে প্রত্যেকের কাছ থেকে দুটি করে মোট চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া প্রতিটি স্বর্ণের বারের ওজন ছিল ১১৬ দশমিক ৬৬ গ্রাম। চারটি বারে মোট স্বর্ণের পরিমাণ দাঁড়ায় ৪৬৬ দশমিক ৬৪ গ্রাম।

পুলিশের অভিযোগ, বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে আনা এসব স্বর্ণের বার অবৈধভাবে নিজেদের কাছে রেখেছিলেন আসামিরা। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আকবরশাহ থানার তৎকালীন পুলিশ কর্মকর্তা মো. জাকের হোসেন বাদী হয়ে মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে ২০২১ সালের ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-৮ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার মামলাটির রায় ঘোষণা করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top