বোয়ালখালীতে চোরাই গরু-মহিষ উদ্ধার, জব্দ মোটরসাইকেল

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে চুরি হওয়া একটি গরু ও একটি মহিষ উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। তবে চুরি হওয়া আরও দুটি মহিষের সন্ধান এখনো পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালু চৌধুরী বাড়ির মো. সজীবের বসতঘরে অভিযান চালিয়ে গরু-মহিষ দুটি উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মহিষটি এরই মধ্যে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে গরু ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। চুরির ঘটনাটি পটিয়া উপজেলায় হওয়ায় এ বিষয়ে পটিয়া থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে পটিয়ার নিমতলা মাজার এলাকা থেকে একটি মিনি পিকআপে করে মহিষ নিয়ে পালাচ্ছিল একটি চোরের দল। বিষয়টি বুঝতে পেরে মহিষের মালিক তাদের পিছু নেন। এ সময় পিকআপটি দাশের দিঘি হয়ে বোয়ালখালীর সারোয়াতলী এলাকায় চলে যায়।

পরে খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ সারোয়াতলীর একটি বসতঘরে অভিযান চালায়। সেখান থেকে চোরাই একটি গরু ও একটি মহিষ উদ্ধার করা হয়। একই সময় চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মহিষের মালিক মো. আবদুল্লাহ বিন ছাবের জানান, তিনি খোলা বিলে মহিষ পালন করেন। ভোরে চোরের দল পিকআপে করে তাঁর দুটি মহিষ নিয়ে যায়। পরে আরও একটি মহিষ গাড়িতে তোলার সময় তিনি বিষয়টি দেখে ফেলেন। তখন চোরেরা দ্রুত পালানোর চেষ্টা করলে তিনি একটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে পিকআপটির গতিরোধের চেষ্টা করেন। এ সময় পিকআপের ধাক্কায় সিএনজিটি ক্ষতিগ্রস্ত হয় এবং চালক আহত হন।

তিনি আরও জানান, পরে পটিয়া পুলিশের সহযোগিতা চাইলে টহল পুলিশ পিকআপটির পিছু নেয়। ওই পিকআপের সূত্র ধরেই বোয়ালখালীর সারোয়াতলীতে চোরাই গরু-মহিষ রাখার স্থানটির সন্ধান পাওয়া যায়।

আবদুল্লাহ বিন ছাবেরের দাবি, তাঁর তিনটি মহিষের বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। এর মধ্যে একটি উদ্ধার হলেও বাকি দুটি এখনো উদ্ধার হয়নি।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top