চাটগাঁ নিউজ ডেস্ক: ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির জন্য ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় থেকে গতকাল সোমবার এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম চিঠি পাঠানোর বিষয়টি জানান।
তিনি জানান, জেনারেল আজিজ আহমেদ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া গেছে। তার অবস্থান নিশ্চিত হওয়ার পর সোমবার (১৭ আগস্ট) ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এনসিবিকে চিঠি দেওয়া হয়।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য তদন্তে উঠে এসেছে। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
শাপলা চত্বরের ওই ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুর রাজ্জাক, মাহবুবউল আলম হানিফসহ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রীকে আসামি করা হয়েছে।
এ ছাড়া সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আব্দুল লতিফ সিদ্দিকী, মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ এবং গণজাগরণ মঞ্চের সাবেক মুখপাত্র ইমরান এইচ সরকারও মামলার আসামি।
মামলায় সাংবাদিকদের মধ্যে শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপার নাম রয়েছে।
পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের মধ্যেও রয়েছেন সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ। এছাড়া সাবেক র্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক সেনাপ্রধান ও তৎকালীন বিজিবি মহাপরিচালক জেনারেল আজিজ আহমেদ, বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানসহ পুলিশের আরও কয়েকজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা এ মামলায় আসামি।
চাটগাঁ নিউজ/এমকেএন





