ডবলমুরিংয়ে নিষিদ্ধ সংগঠনের ৫ নারীসহ ১৫ সদস্য গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ ওয়াপদা কলোনি এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের ৫ নারীসহ ১৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত হাজী ফজলুল করিম চৌধুরীর ‘রয়েল টার্চ’ অ্যাপার্টমেন্টের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—অ্যাডভোকেট উম্মে হাবিবা, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. ইস্কান্দার মির্জা, হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক শুভ আইচ, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম রুপা, সুজলা অন্তরা, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শারমিনা ইয়াসমিন নিশু, সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন ও মোহাম্মদ জাকির হোসেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে জনসংযোগ কর্মকর্তা আমিনুর রশিদ জানান, ১৫ আগস্ট উপলক্ষে অ্যাডভোকেট উম্মে হাবিবার নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১৫ সদস্য ওই অ্যাপার্টমেন্টে আলোচনা করার জন্য একত্রিত হয়েছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top