মিরসরাইয়ে মাইক্রোবাস থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত টয়োটা নোয়া মাইক্রোবাসটি জব্দ করা হলেও পুলিশের ধাওয়া খেয়ে গাড়িতে থাকা মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

রবিবার (১৬ আগস্ট) মিরসরাই থানার আওতাধীন ইকোনমিক জোন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইকোনমিক জোন সড়কে পুলিশের একটি দল বিশেষ নজরদারি ও অভিযান শুরু করে। এ সময় সন্দেহজনক একটি টয়োটা নোয়া মাইক্রোবাসের গতিবিধি লক্ষ্য করে সেটিকে থামানোর চেষ্টা করা হয়।

পুলিশের ধাওয়া খেয়ে একপর্যায়ে মাইক্রোবাসটি সড়কে ফেলে রেখে ভেতরে থাকা অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি মাদকের উৎস, সরবরাহকারী চক্র এবং এর সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্তে তদন্ত চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top