মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শিশু পর্যটক নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় নিহত শিশুর নাম আফরিন সুলতানা (৫) ও আহত শিশুর নাম আয়ান (৭)।
জানা গেছে, তারা দুজনেই সম্পর্কে মামাতো ভাই-বোন এবং নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকার বাসিন্দা। নিহত আফরিনের বাবার নাম আল আমিন এবং মায়ের নাম শেখ হাসিনা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ১১টার দিকে ১১ জনের একটি দল ঘুরতে আসেন মহেশখালীতে। তাদের ২১ তারিখ পর্যন্ত কক্সবাজার ঘোরার পরিকল্পনা ছিল। এ সময় আদিনাথ জেটি এলাকায় দ্রুতগতির একটি মিশুক গাড়ি ওই শিশুদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আফরিন সুলতানার মৃত্যু হয় এবং আয়ান আহত হয়।
নিহতের মামা মেসবাহ উদ্দীন ভূঁইয়া জানান, সকাল ১১টার দিকে দ্রুতগতির মিশুক গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মিশুক গাড়ির চালক তাকিল (১৮) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চাটগাঁ নিউজ/হোবাইব/জেএইচ






