উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: ভারী বৃষ্টির মধ্যে গাছ পড়ে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফে প্রায় আট ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে দুই উপজেলার বিপুলসংখ্যক গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছেন।
রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উখিয়ার মরিচ্যা বিজিবি চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, সকালে ভারী বৃষ্টির সময় সড়কের পাশের একটি বড় রেইনট্রি গাছ হঠাৎ বিদ্যুৎ লাইনের ওপর ভেঙে পড়ে। এতে চারটি খুঁটির সমন্বয়ে নির্মিত বক্স পোল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ৩৩ কেভি মেইন লাইনের বিভিন্ন অংশে ব্যাপক ক্ষতি হয়।
দুর্ঘটনার পর উখিয়া ও টেকনাফের পাশাপাশি মেরিন ড্রাইভ এবং জালিয়াপালং এলাকার কিছু অংশেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম, মোবাইল যোগাযোগসহ স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে।
এদিকে দুর্ঘটনাস্থলে গাছ সরানো ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ফায়ার সার্ভিস। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে নিরাপদে গাছটি সরানোর কাজে সহযোগিতা করছেন তারা।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় উখিয়া-টেকনাফ এলাকায় প্রায় তিন লাখ গ্রাহক দুর্ভোগে পড়েছেন। ক্ষতিগ্রস্ত লাইন ও খুঁটি মেরামতের কাজ চলছে।
উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম কায়জার নূর বলেন, সকালে গাছ পড়ে ৩৩ কেভি মেইন লাইনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন ও খুঁটি মেরামতে বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ করছেন।
তিনি জানান, মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ করে বিকেল ৫টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব নয়।
চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন





