চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাঁশখালীতে করা হয়েছে মশাল মিছিল এবং চবিতে করা হয়েছে শোক মিছিল। এসময় তাদের নেতা-কর্মীদের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।
চবি ছাত্রলীগের নেতাকর্মীরা দাবি করেন, আজ শনিবার (১৫ আগস্ট) ভোরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন জিরো পয়েন্ট থেকে চবির ১নং গেট পর্যন্ত তারা একটি শোক মিছিল করেন। যেখানে নেতৃত্ব দেন নিষিদ্ধ সংগঠনটির সাবেক সহ সভাপতি আবরার শাহরিয়ার।
অন্যদিকে বাঁশখালী আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি অনুযায়ী মিছিলটি বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের চুনতিবাজার এলাকায় অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ৫০ থেকে ৬০ জন মশাল হাতে নিয়ে মিছিল করছেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিল শেষে কয়েকজন বক্তব্যও দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাহারছড়া ইউনিয়নের চুনতিবাজার এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। এর আগে গত বুধবার রাতেও উপজেলার তৈলারদ্বীপ সেতুসংলগ্ন এলাকায় মিছিল করেছিল নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। একইদিনে হাটহাজারীতেও মিছিল করেছিল নিষিদ্ধ সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, মশালমিছিলের বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ





