কমিউনিটি সেন্টার থেকে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ২

চাটগাঁ নিউজ ডেস্ক : পটিয়ায় পূর্ব বিরোধের জেরে এক যুবককে অপহরণ করে তিন দিন ধরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ।

একই সঙ্গে অপহরণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত আরও ৩-৪ জন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া এলাকার হাজীর পাড়ার বাসিন্দা রেজাউল করিম (২৬)-কে গত ৯ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে পটিয়া শান্তিরহাট বাজার এলাকার সড়ক থেকে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে তাকে পাশের নূরজাহান কমিউনিটি সেন্টারের ভেতরে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কাজী বাড়ি এলাকার মো. জুনায়েদ (৩১) এবং কুসুমপুরা ইউনিয়নের উজির বাড়ি এলাকার আব্দুর রহিমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ আরও জানায়, অপহরণের খবর পাওয়ার পরপরই পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক এবং ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমার নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। বুধবার বিকেলে অপহৃত রেজাউল করিমকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হলেও অপর ৩-৪ জন পালিয়ে যায়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, অপহরণের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। আমাদের তাৎক্ষণিক পদক্ষেপের ফলে ভিকটিমকে জীবিত ও নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, এ ঘটনায় দায়ের করা অপহরণ মামলায় গ্রেপ্তার দুই আসামিকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top