চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরত, ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করা এবং আমানতের ওপর আরোপিত অর্থ কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আমানতকারীরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন তারা।
‘আমার টাকা ফেরত চাই’, ‘হেয়ার কাট মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা চলবে না’ এবং ‘ন্যায্য দাবি আদায় না হলে ঘরে ফিরব না’—এমন বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।
সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিভাগের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নিজেদের সঞ্চিত অর্থ ফেরত না পাওয়ায় আমানতকারীরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তারা দ্রুত আমানত ফেরত দেওয়ার পাশাপাশি ব্যাংকের লেনদেন ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান।
কর্মসূচি শেষে আমানতকারীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবিগুলো তুলে ধরার কথা রয়েছে।
আন্দোলনকারীরা বলেন, দ্রুত তাদের দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আন্দোলনকারী শারমিন আক্তার বলেন, ‘অর্থমন্ত্রী সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা চাই, সেই আশ্বাস দ্রুত বাস্তবায়ন করা হোক।’
চাটগাঁ নিউজ/এমকেএন





