চট্টগ্রামে হাসপাতালের পার্কিং ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের উদ্যোগ

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের হাসপাতালগুলোর পার্কিং বাড়ানো, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার ও হাসপাতাল স্থানান্তরসহ নানান প্রতিশ্রুতি দিয়েছেন হাসপাতাল মালিকরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বেলায়েত হোসেনের সঙ্গে বৈঠকে তারা এ প্রতিশ্রুতি দেন।

নগরের হাসপাতালকেন্দ্রিক যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থার উন্নয়নে সিডিএর ধারাবাহিক পরিদর্শনের পর হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে এ ফলোআপ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে হাসপাতাল প্রতিনিধিরা পার্কিং সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষিত নিরাপত্তা প্রহরীর সংখ্যা বাড়ানো, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, হাসপাতালের সামনের অংশ যান চলাচলের উপযোগী রাখা এবং বিকল্প পার্কিং ব্যবস্থা তৈরির বিষয়ে বিভিন্ন পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন।

বৈঠকে সিএসসিআর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পার্কিংয়ের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় প্রশিক্ষিত নিরাপত্তা প্রহরীর সংখ্যা বৃদ্ধি এবং হাসপাতাল এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পার্কিং সুবিধা সম্প্রসারণে চসিক মেয়রের সঙ্গে আলোচনা করে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের স্থানে বহুতল পার্কিং ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।

ডক্টরস হাসপাতাল কর্তৃপক্ষ সিডিএর কাছে অঙ্গীকারনামা প্রদান করে জানায়, আগামী অক্টোবরের মধ্যে হাসপাতালের বর্তমান কার্যক্রম নির্ধারিত নতুন স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগ পর্যন্ত রোগীদের পার্কিংয়ের জন্য ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেয় তারা।

পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষ এরই মধ্যে একটি পূর্ণ ফ্লোর পার্কিংয়ের জন্য উন্মুক্ত করেছে। সিডিএর নির্দেশনা অনুযায়ী হাসপাতালের ড্রপিং বে-এর পরিমাণ বৃদ্ধি, পার্কিং ও যান চলাচল ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনা এবং ডিজিটাল সাইনবোর্ডের মাধ্যমে খালি পার্কিংয়ের সংখ্যা প্রদর্শনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ পার্কিংয়ের সংখ্যা বাড়ানো, পার্কিং এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় নিরাপত্তা প্রহরীর সংখ্যা বৃদ্ধির উদ্যোগের কথা জানায়। তারা জানায়, হাসপাতালের পার্শ্ববর্তী স্থানে অতিরিক্ত পার্কিংয়ের ব্যবস্থা করারও চেষ্টা চলছে। বিদ্যমান ভবনকে রিশেইপ করে হাসপাতালের উপযোগী করে ব্যবহার করা যায় কি না, সে বিষয়ে স্থপতিদের সমন্বয়ে এক মাসের মধ্যে পরিকল্পনা ও নকশা সিডিএর কাছে উপস্থাপন করা হবে বলে জানানো হয়। পাশাপাশি হালিশহরে অনুমোদিত স্থানে হাসপাতাল স্থানান্তরের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় হাসপাতাল সংশ্লিষ্টরা।

ফলোআপ বৈঠকে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, আমাদের অভিযানের পর বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ যানজট নিরসনে তাদের পার্কিং সুবিধা বৃদ্ধি ও ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আসছেন। এরই মধ্যে অনেক হাসপাতাল কার্যকর কিছু ব্যবস্থা নিয়েছে। এর ফলে পার্কিং ব্যবস্থায় কিছুটা উন্নতি হয়েছে এবং হাসপাতালকেন্দ্রিক যানজটেও কিছুটা স্বস্তি আসছে।

তিনি বলেন, সিডিএর পক্ষ থেকে হাসপাতালগুলোকে বিভিন্ন পর্যবেক্ষণ ও করণীয় সম্পর্কে জানানো হচ্ছে। প্রয়োজনীয় পরিবর্তনের জন্য তাদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন আনতে ব্যর্থ হলে সিডিএ কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

সিডিএ চেয়ারম্যান আরও বলেন, হাসপাতালকেন্দ্রিক যানজট একটি সমন্বিত সমস্যা। এটি স্থায়ীভাবে সমাধানে চসিক মেয়র, জেলা প্রশাসক, ট্রাফিক কমিশনার, চট্টগ্রাম জেলা স্বাস্থ্য পরিচালক, হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসা হবে। সবার মতামত ও ঐকমত্যের ভিত্তিতে একটি কার্যকর কর্মপন্থা নির্ধারণ করা হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top