বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে আলীকদম-থানচি সড়কের ১১ কিলোমিটার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আলীকদম থানা পুলিশের একটি মোবাইল টিম ও আলীকদম সেনাজোনের একটি টহল দল যৌথভাবে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ওই এলাকার বাসিন্দা মাংরুম ম্রোকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধার করা হয়।
আটক মাংরুম ম্রো আলীকদম সদর ইউনিয়নের ২৯১ নম্বর তৈনফা মৌজার লংধং পাড়ার বাসিন্দা। অভিযান শেষে উদ্ধার হওয়া গুলিগুলো জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে মাংরুম ম্রোকে আলীকদম থানায় নেওয়া হয়।
এ ঘটনায় আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুস ছালাম বাদী হয়ে অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এফ) ধারায় একটি মামলা করেছেন।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৩৩৯ রাউন্ড গুলিসহ একজনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/ইলিয়াস/এমকেএন





