চাঁদা না দেওয়ায় ঠিকাদারের প্রকৌশলীকে হামলার অভিযোগ

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলীতে ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেডের (ইউসিপিএল) একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসার অভিযোগ উঠেছে স্থানীয় আলী হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। চাঁদা না দেওয়ায় ওই প্রতিষ্ঠানের প্রকৌশলীর ওপর হামলারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এফএম এন্টারপ্রাইজের প্রকৌশলী শাহরিয়ার আমির, স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন এবং প্রতিষ্ঠানের পার্টনার জিন্নাত আইয়ূব হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ইউসিপিএলের বাইরে প্রকৌশলী শাহরিয়ার আমিরের ওপর হামলার ঘটনা ঘটে। পরে তিনি কর্ণফুলী থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ রয়েছে, পুলিশের উপস্থিতিতেই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের ওপর ফের হামলার চেষ্টা করা হয়।

প্রকৌশলী শাহরিয়ার আমির অভিযোগ করে বলেন, স্থানীয় যুবদল নেতা পরিচয়ে আলী হোসেন দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। কয়েকবার লোকজন নিয়ে এসে তিনি দাবি করেন, ওই এলাকায় ব্যবসা করতে হলে তাকে ৫০ শতাংশ চাঁদা দিতে হবে। মালিকপক্ষ তার প্রস্তাবে রাজি না হওয়ায় বুধবার সকালে লোকজন ও দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করে মারধর করা হয়।

তিনি বলেন, এ সময় স্থানীয়রা এগিয়ে এলে কোনো রকমে প্রাণে রক্ষা পান তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের সামনেই তাদের ওপর আবারও হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

মেসার্স এফএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় আলী হোসেনসহ চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এ ঘটনায় আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আলী হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, ‘অভিযোগের সূত্র ধরে ওসি স্যারের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা বাদীর ওপর ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে হামলার চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান অভিযোগ দিয়েছে। পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।’

এদিকে, যুবদল নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে জানানো হলে তিনি বলেন, ‘আলী হোসেন নামে বন্দর কমিউনিটি সেন্টারে কোনো যুবদল নেতাকে আমি চিনি না। আপনারা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন।’

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top