চাটগাঁ নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন।
বুধবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন নুরুল আমীনের আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী। তিনি জানান, আবেদনে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিতের পাশাপাশি মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
এর আগে গত ৯ জুলাই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। ওই দিনই তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।
সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর ঋণখেলাপির অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন। শুনানি শেষে ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে।
ইসির ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সরোয়ার আলমগীর। এর পরিপ্রেক্ষিতে ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করেন এবং সরোয়ার আলমগীরকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়ে রুল জারি করেন।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন মুহাম্মদ নুরুল আমীন। পরে ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ তার লিভ টু আপিল মঞ্জুর করেন। ফলে সরোয়ার আলমগীর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন আদালত।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে বিজয়ী হন সরোয়ার আলমগীর। কিন্তু আদালতের নির্দেশ থাকায় তার নির্বাচনী ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
পরবর্তীতে নুরুল আমীনের করা আপিলের শুনানি শেষে গত ১৬ জুন আদেশ দেন আপিল বিভাগ। আপিল নিষ্পত্তি করে দেওয়া ওই আদেশে দ্রুত, সম্ভব হলে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে থাকা রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।
এরপর সংশ্লিষ্ট রুলের ওপর শুনানি শেষে ৯ জুলাই হাইকোর্ট সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেন। এবার সেই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে লিভ টু আপিল করলেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন।
চাটগাঁ নিউজ/এমকেএন





