আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার শঙ্খ নদী থেকে প্রতিদিন অবৈধ বালু উত্তোলন করে মহাল গড়ে তুলছে একটি সিন্ডিকেট। ফলে ক্ষতি হচ্ছে বেড়িবাঁধ ও ফসলি জমি। তাই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রায়পুর ৫নং ওয়ার্ড সরেঙ্গা বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু জাফর মজুমদার। অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে ত্রিশ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন- রুবেল মুর্মু, মিল্টন হেমরম, দুলাল কবিরাজ ও সাদমান সৌমিক তামিম
এ বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বেড়িবাঁধ ও ফসলি জমির ক্ষতি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ পেয়ে সরেঙ্গা বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলনের দায়ে চারজনকে কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া বালু উত্তোলনের পাইপ ধ্বংস ও বালু জব্দ করা হয়। পরবর্তীতে বালু নিলাম দেওয়া হবে।
তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলন ও মহালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ






