চাটগাঁ নিউজ ডেস্ক : স্বামী ও সন্তানের পর না ফেরার দেশে চলে গেলেন কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি রেলক্রসিং দুর্ঘটনায় আহত তানিয়া সুলতানা (২০)। অচেতন অবস্থায় চিকিৎসাধীন থাকার তিনদিনের মাথায় সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
তানিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বজন মুহাম্মদ ফারুক। তানিয়া রামু দক্ষিণ মিঠাছড়ির কাইম্যার ঘোনা এলাকার সাজ্জাদ পারভেজ রুবেলের সহধর্মিণী।
এর আগে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে রেলক্রসিং দুর্ঘটনায় স্বামী রুবেল, ছয়মাস বয়সী মেয়ে ইলহাম, ননদ কাশিফা, ভাগিনা সাহিল মারা যান। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন তানিয়া সুলতানা।
রুবেলের চাচাতো ভাই মুহাম্মদ ফারুক জানান, আহতের পর অচেতন অবস্থায় প্রথমে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে ছিলেন তানিয়া। সেখান থেকে শনিবার ভোরে তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। জেনেছিলাম, সেখানেও তার জ্ঞান ফেরেনি। আজ সকাল সাড়ে ৭টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাশিফার ছেলে চমেকে চিকিৎসাধীন।
খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার জোহরের নামাজের পর কাইম্যার ঘোনার নুরুল ইসলামের ছেলে রুবেল সপরিবারে ছোট বোন রিয়া মনির শ্বশুরবাড়ি ইউনিয়নের উমখালীতে বেড়াতে যাচ্ছিলেন। তিন শিশুসহ সিএনজিচালিত অটোরিকশায় করে রওয়ানা দেন তারা। পথে রামুর দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিংয়ে তাদের বহনকারী অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর রেললাইনের পাশে পড়ে ছিল শিশুদের জুতা, জামাকাপড়, উপহারসামগ্রী ও একটি লাগেজ।
চিকিৎসকরা জানান, আহত তানিয়ার মাথার এক পাশে গভীর ক্ষত রয়েছে, যা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছেছে। সিটি স্ক্যানে মস্তিষ্কের সামনের অংশে আঘাত ও রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়েছে। চমেকে নিউরোসার্জারি বিশেষজ্ঞরা তাকে দেখভাল করছিলেন।
ফারুক জানান, রেলক্রসিং পার হলে বাকি পথ মাত্র আধা কিলোমিটারের। বাড়ি পৌঁছাতে সময় লাগতো মাত্র পাঁচ মিনিট। ক্রসিংয়ে ট্রেন চলে যাওয়ার জন্য অপেক্ষা করলে সময় যেত সর্বোচ্চ দুই মিনিট। কিন্তু সেই দুই মিনিটে অধৈর্যের ফল ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এতে অটোরিকশার যাত্রী একই পরিবারের পাঁচজনের করুণ মৃত্যু হয়।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার জয়নাল আবেদিন বলেন, রেলের হর্ন বাজার পরও চালকের অধৈর্যের কারণে পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটলো।
এর আগেও রামুর মাছুয়াখালী, রশিদনগরসহ বেশ কয়েকটি ক্রসিংয়ে বাইক, সিএনজি, টমটম দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে। সেসব ক্রসিংয়েও গেটম্যান বা নিরাপত্তামূলক ব্যবস্থা ছিল না।
কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান বলেন, রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এরকম রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগ ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের উদ্যোগ নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এসএ






