হুথি হামলার জেরে বাংকারে অবস্থান সৌদি যুবরাজের!

আন্তর্জাতিক ডেস্ক: হুথিদের অব্যাহত হামলার মধ্যে সৌদি আরবের যুবরাজকে বিভিন্ন রাজপ্রাসাদের বাংকারে সরিয়ে নেয়ার কারণ কী শুধুই নিরাপত্তার ঝুঁকি? নাকি, প্রিন্স সালমানের প্রাণনাশে ইয়েমেনি গোষ্ঠীর গোপন কোনো পরিকল্পনার তথ্য পেয়েছে রিয়াদ। এমন ষড়যন্ত্র তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে মধ্যপ্রাচ্যের নিউজ পোর্টালগুলোতে। যদিও যুবরাজের বাসস্থান বদল, নিরাপত্তা ঝুঁকি কিংবা প্রাণনাশের আশঙ্কা- কোনো ব্যাপারেই মুখ খুলছে না সৌদি কর্তৃপক্ষ।

দফায় দফায় এক প্রাসাদ থেকে আরেক প্রাসাদের বাংকারে সরিয়ে নেওয়া হচ্ছে সৌদি যুবরাজকে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ব্যাপক হামলার মুখে চরম নিরাপত্তার ঝুঁকিতে প্রিন্স মোহাম্মদ বিন সালমান। কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে ৪১ বছর বয়সী যুবরাজ, বাধ্য হয়ে এক আত্মগোপনই করেছেন কোনো না কোনো রাজভবনের বাংকারে- খবর মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের।

শনিবার রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গেল এক দশকের মধ্যে সবচেয়ে বড় ও রক্তক্ষয়ী হামলা চালায় ইয়েমেনি বিদ্রোহী সংগঠনটি। আর, আল আরাবিয়ার খবর, গেল মঙ্গলবারের জাতীয় রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়ার পর থেকেই যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আর জনসমক্ষে দেখা যায়নি। ক্রাউন প্রিন্সের সুরক্ষার দায়িত্বে নিয়োজিতদের সূত্র জানাচ্ছে, লোকচক্ষুর আড়ালে বিশেষভাবে বাছাই করা সুদক্ষ নিরাপত্তা দলের তত্ত্বাবধানে আছেন যুবরাজ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top