‘হাসিনা আমলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে শূন্য করার চক্রান্ত ছিল’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

রাঙ্গুনিয়া প্রতিনিধি: বিগত শেখ হাসিনা সরকারের আমলে সরকারি সম্পত্তি পরিত্যক্ত ফেলে রেখে কিংবা বিক্রি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে শূন্য করে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান ‘ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর ১০ একর জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দায়িত্বে আসার পর প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা ছিল সরকারের সব সম্পদ যেন সঠিকভাবে ব্যবহারে আনা হয়। আমরা সেই পুরোনো চক্রান্তের জায়গা থেকে বেরিয়ে এসেছি। যেহেতু আমাদের সরকার একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার, তাই এই বিশাল সম্পত্তিকে আর অকেজো ফেলে রেখে রাষ্ট্রের ক্ষতি হতে দেব না। ঢাকার নীতি-নির্ধারকদের সাথে কথা বলে এখানে বড় প্রকল্পের মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও উন্নয়নের ব্যবস্থা করা হবে’।

পরিদর্শনকালে সফরসঙ্গী হিসেবে আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন।

এসময় তিনি জানান, দুই দিনের চট্টগ্রাম সফরে কল্যাণ ট্রাস্টের অধীনস্থ অন্যান্য সম্পত্তিগুলোও সরেজমিনে পরিদর্শন করে পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হবে।

ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পরিদর্শন শেষে মন্ত্রীদ্বয় রাঙ্গুনিয়ার জিয়ানগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে তাঁরা সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন রাঙ্গুনিয়ার ‘এতিম ও দুঃস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র’ ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসন ও কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/জগলুল/জেএইচ

Scroll to Top