চাটগাঁ নিউজ ডেস্ক: বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
আবহাওয়া অফিস জানায়, উত্তর বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। এটি পরবর্তী সময়ে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে এবং সতর্কতার সঙ্গে নৌযান পরিচালনার পরামর্শ দেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





