কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: দীর্ঘ তিন মাসের বেশি সময়ের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই লেকে মাছ আহরণ শুরু হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রথম দিনেই রাঙামাটির কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে ৫৩ হাজার ১৯৮ কেজি মাছ এসেছে। এসব মাছ থেকে সরকারি রাজস্ব আদায় হয়েছে ১১ লাখ ৬৪ হাজার ৮৬৪ টাকা।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কাপ্তাই লেকের বিভিন্ন প্রান্ত থেকে ইঞ্জিনচালিত বোটে করে মাছ নিয়ে জেলেরা কাপ্তাই জেটিঘাটের মৎস্য অবতরণ কেন্দ্রে পৌঁছান। দীর্ঘ বিরতির পর মাছ ওঠানামা শুরু হওয়ায় ঘাটজুড়ে জেলে, ব্যবসায়ী ও শ্রমিকদের ব্যস্ততা দেখা যায়।
কাপ্তাই মৎস্য উন্নয়ন উপকেন্দ্রের প্রধান জসিম উদ্দিন মঙ্গলবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রথম দিনে কাচকি, চাপিলা, টেংরা, বাচা, আইড়, কালিগুনিয়া, পাবদা ও বাইমসহ বিভিন্ন প্রজাতির মাছ এসেছে।
তিনি আরও জানান, কাপ্তাই লেকের বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি, মাইনি, শুভলং, গাছকাটা ছড়া ও রাইংখং খালসহ বিভিন্ন এলাকা থেকে এসব মাছ এসেছে। মৎস্য ব্যবসায়ীরা নির্ধারিত শুল্ক পরিশোধের পর মাছগুলো বরফ দিয়ে সংরক্ষণ করছেন। পরে এসব মাছ চট্টগ্রাম, ঢাকা ও দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন বাজারে পাঠানো হচ্ছে।
কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, দীর্ঘ সময় পর মাছ আহরণ শুরু হওয়ায় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরেছে। তবে মৎস্য অবতরণ কেন্দ্রের পাশের লেকে কচুরিপানা থাকায় বোট ভেড়াতে কিছুটা সমস্যা হচ্ছে।
উল্লেখ্য, কাপ্তাই লেকে মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে চলতি বছরের ২৫ এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত মাছ আহরণ, বাজারজাত ও পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরে লেকের পানির পরিস্থিতি বিবেচনায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত করা হয়।
নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর সোমবার মধ্যরাত থেকে কাপ্তাই লেকে পুনরায় মাছ আহরণ শুরু করেন জেলেরা।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন





