চাটগাঁ নিউজ ডেস্ক : যান্ত্রিক ত্রুটির বিষয়ে আগে জেনেও কর্তৃপক্ষকে না জানিয়ে বন্দরে প্রবেশের সময় দুর্ঘটনায় পড়া কনটেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাসকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরের এক অফিস আদেশে সোমবার (১০ আগস্ট) জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এপিএল (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডকে এ জরিমানা করা হয়।
চট্টগ্রাম বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ জাহিরুল ইসলামের সই করা ওই আদেশে জরিমানার ওপর ১৫ শতাংশ ভ্যাট হিসেবে আরও ১৫ লাখ টাকা যুক্ত করা হয়েছে। ফলে মোট পরিশোধযোগ্য অর্থের পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি ১৫ লাখ টাকা। জাহাজের শিপিং এজেন্ট এপিএল (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডকে দুটি আলাদা পে-অর্ডারের মাধ্যমে জরিমানা ও ভ্যাটের এই টাকা বন্দর তহবিলে দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়, গত ৩ আগস্ট জাহাজটি বন্দরে বার্থিংয়ের জন্য প্রবেশের সময় ইন্টারন্যাশনাল সেফটি ম্যানেজমেন্ট (আইএসএম) কোড অনুযায়ী পাইলটদের দেওয়া তথ্যপত্রে জাহাজটির স্টিয়ারিং গিয়ারের ত্রুটির বিষয়টি উল্লেখ করা হয়নি। জাহাজটি বন্দর চ্যানেলে প্রবেশের কিছুক্ষণ আগে এর মাস্টার পাইলটদের ত্রুটির বিষয়টি জানান এবং ডিএনভি ক্লাসের দেওয়া একটি সনদ তাদের কাছে হস্তান্তর করেন।
জাহাজের ত্রুটি এবং এর কারণে আরোপিত বিধিনিষেধ সম্পর্কে পাইলটদের না জানিয়ে জাহাজ পরিচালনা করলে বন্দর, জাহাজ, পাইলট, বন্দরের অবকাঠামো ও অন্যান্য জাহাজের নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে। সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় কর্তৃপক্ষ মাস্টার ও শিপিং এজেন্টকে এ জরিমানা করেন।
গত ৫ আগস্ট চট্টগ্রাম বন্দর চ্যানেলে প্রবেশের সময় স্টিয়ারিং সিস্টেমে ত্রুটির কারণে এমভি সিএনসি ইউরেনাস নিয়ন্ত্রণ হারায়। পরে জাহাজটি একটি নেভিগেশন বয়ায় ধাক্কা খেয়ে সংলগ্ন রিটেইনিং ওয়ালে আটকে পড়ে। এতে বন্দর চ্যানেল চরম ঝুঁকিতে পড়ে। প্রায় ১২ ঘণ্টার চেষ্টা চালিয়ে জাহাজটি উদ্ধার করা হয়।
চাটগাঁ নিউজ/এসএ





